ঢাকা কলেজে সংঘর্ষ: ব্যবসায়ীর মামলায় আসামি দুইশ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুইশ জনকে আসামি করে মামলা করেছেন এক ব্যবসায়ী।
 
আনোয়ার হোসেন স্বপন নামের ওই ব্যবসায়ী বহস্পতিবার রাতে নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেন। মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর এ তথ্য জানান। তবে মামলায় দুইশজনকে আসামি করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি। 
 
রুহুল আমিন জানান, এজাহারে বলা হয়েছে, ঢাকা কলেজ ও এর আশপাশের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দেড় থেকে দুইশজন ওই এলাকার ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা করে।
 
সহকারী পুলিশ কমিশনার বলেন, একজন ছাত্র আহত হয়েছেন। তার বাবা মামলা করার জন্য থানায় আসবেন বলে শুনেছি। তিনি এলে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
 
বৃহস্পতিবার বিকালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিপরীত পাশে ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন।