মন্দির এলাকায় হামলা : স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
বৃহস্পতিবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই জবানবন্দি দেন শরিফুল। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশীদ এই তথ্য জানান।
 
এসআই বজলুর রশীদের জানান, শরিফুল নিজেকে জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, 'ইসকন মন্দিরে হামলা এবং ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলির ঘটনা জেএমবি ঘটিয়েছে।' 
 
গত ১০ ডিসেম্বর রাতে কাহারোলে ইসকন মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন দুজন। ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুলকে ধরে ফেলে। পরদিন ভোরে বীরগঞ্জে একটি একে ২২ রাইফেলসহ মোছাব্বের নামে আরেক ব্যক্তিকে জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জানায়, এই দুজন জেএমবির সদস্য।