স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন সময়িক বহিষ্কার করা হয়েছে। এরপরও যারা দলীয় আদেশ মানবে না তাদের কার্যনির্বাহী কমিটির আগামী সভায় তদন্ত সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব নির্বাচনেই বিএনপি বিভিন্ন অভিযোগ তুলে। নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে। ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন জাতীয় নির্বাচন হবে না। তাই বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ফার্মেসি বিভাগের ২৫ বৎসর পুর্তি উপলক্ষে দুপুরে বিভাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিবিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সুকল্যাণ কুমার কুণ্ডু প্রমুখ।