ফরিদপুরে প্রতিমা ভাঙচুর

 
ফরিদপুরের নগরকান্দায় একটি মন্দিরে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।
 
নগরকান্দা থানার ওসি মো. আফসার উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার তালমা বাজারের ‘সার্বজনীন কালি মন্দিরে’ এ ঘটনা ঘটে।
 
সকালে মন্দির কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান তিনি।
 
মন্দির কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা বলেন, রাতে কে বা কারা মন্দিরে প্রবেশ করে রাধা গোবিন্দ, গৌর নিতাই, শিব ও কালিসহ মোট সাতটি প্রতিমা ভেঙে ফেলে। সকালে মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পাই আমরা ।
 
মন্দিরের পরিচ্ছন্নতাকর্মী অমল কুমার সাহা বলেন, ভোর ৬টার দিকে মন্দির পরিষ্কার করতে গিয়ে মূর্তিগুলো ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি।