রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণির অফিসার নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয় বলে জানান মতিহার থানার ওসি হুমায়ুন কবির।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং জয়পুরহাট সদর থানার সাদিকুল ইসলাম।
নিয়োগ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে থাকা রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম বলেন, অন্যের হয়ে পরীক্ষা দেয়ার সময় কর্তব্যরত শিক্ষক তাদের ধরে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, দুজনে অন্যের পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি হুমায়ুন বলেন, আটক দুজনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ মামলা না করলে ছেড়ে দেয়া হবে।