অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল জান্নাতুল ফেরদৌস ঐশীকে কবে দেখা যাবে বড়পর্দায়। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ ঐশীও বড়পর্দায় নিজের ক্যারিয়ার নিয়ে আগ্রহী ছিলেন। অবশেষে খবর এলো বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর সাথে ক্যারিয়ারের প্রথম সিনেমায় জুটি বাঁধতে যাছেন ঐশী। ‘মিশন এক্সট্রিম’ শিরোনামে সিনেমাটির সঙ্গে এরমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমার জন্য বেশ বড় একটি খবর যে আমি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বেশ উচ্ছ্বশিত আমি। এছাড়াও আরিফিন শুভ আমার প্রিয় নায়ক। তার সাথে প্রথম সিনেমাটি করতে পেরে ভালোলাগার জায়গাটা আরো বেড়ে গেছ।’
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা দেশীয় পটভূমির উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির কাহিনি লিখেছেন সানী সানোয়ার। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পের একটি অংশের সাথে অপর একটি অংশের গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐশীর মত একজন নতুন অভিনেত্রী প্রয়োজন ছিল। সেই বিচারে ঐশীকে কাস্ট করা হয়েছে।’