স্বাক্ষরিত হবে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি
আল জাজিরা
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি প্রথমবারের মতো সফরে ইরাকে পৌঁছেছেন। তিনদিনের সফরে জ্বালানি, পরিবহন ও কৃষি সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।
সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আলি হাকিম ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান। একটি পবিত্র মাজার জিয়ারতের পর রুহানি ইরাকের প্রধানমন্ত্রী আবদেল আবদুল মেহেদির সাথে মিলিত হবেন। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে সহায়তা করেছে ইরান। আইএস বিরোধী যুদ্ধ শেষপর্যায়ে। এখন মার্কিন চাপের মুখে ইরাকের সমর্থন নিশ্চিত করতে চাইছে ইরান। রুহানির এই সফর ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে ইরাকের ওপর ইরানের প্রভাবই সর্বোচ্চ।
ইরাকের উদ্দেশ্যে রওনা দেয়ার সময় রুহানি বলেন আমরা ইরাকের সাথে বন্ধন আরো দৃঢ় করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প নিয়ে এই সফরে আলোচনা হবে। ইরানী বার্তা সংস্থা ইরনা জানিয়েছে জ্বালানি, কৃষি, শিল্প, স্বাস্থ্যসংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। রুহানির সাথে সফররত একজন ঊর্ধ্বতন ইরানী কর্মকর্তা বলেন, মার্কিন অবরোধ উপেক্ষা করতে ইরানের জন্য একটি বড় চ্যানেল ইরাক। মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে ইরান। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলন শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়েছে ইরাক। তুরস্কের পর ইরান থেকেই সর্বাধিক পণ্য ক্রয় করে ইরাক।