বাণিজ্য মেলায় থাকছে বিশেষ নিরাপত্তা

রাজধানীর আগারগাঁওয়ে আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিচ্ছে বলে জানা গেছে।
 
বিদেশিদের অংশগ্রহণ বাড়ানো এবং মেলা প্রাঙ্গণে নিরাপত্তার বিষয়টি এবারের বাণিজ্য মেলায় সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই জোরদার করা হচ্ছে। এমনটাই জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র। নিরাপত্তার স্বার্থে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। মেলার বিভিন্ন পয়েন্টে মোট ৮০টি সিসি ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া অন্যান্যবারের মতো মেলায় থাকছে পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি  বিজিবি। 
 
ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, বৃটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস,  ঘানা, মরক্কো ও ভুটান মোট ৫২ টি স্টল, প্যাভিলিয়নের জন্য আবেদন করেছে।
 
মেলায় ১৩টি ক্যাটাগরিতে থাকছে সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, বিদেশি প্যাভিলিয়ন, সাধারণ মিনি প্যাভিলিয়ন, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন, রেঁস্তোরা, প্রিমিয়ার স্টল, বিদেশি প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল এবং ফুড স্টল। ইতিমধ্যে আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৯২ টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। মেলা শুরু হওয়ার দিন যত গড়াবে এই বরাদ্দের পরিমাণ বাড়তে থাকবে বলে জানা গেছে। এই বরাদ্দের পরিমাণ গত বছর ছিল ৫০৩টি।
 
এবারই প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা (ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন -আইটিপিও) ।
 
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও মেলার গেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো। মেলায় এবারও থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক,  ই-পার্ক, এটিএম বুথ, রেডিমেট গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্পজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, ক্রোকারেজ, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হার্বাল ও প্রসাধন সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেক্টনিক্স সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার স্টল।
 
ইপিবির উপসচিব মোহাম্মদ রেজাউল করিম বলেন, এখন আমরা মেলার প্রস্তুতি নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। মেলার স্টল, প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরোদমে। আশা করছি অন্যান্য বছরের মতো এবারো নির্দিষ্ট সময়ে শেষ করতে পারব।
 
বাণিজ্য মেলার প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। মেলার স্টলের কাঠামোর কাজ চলছে। বাকি কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ইপিবির সেক্রেটারি এবং মেলা পরিচালক মো. ইউসুফ আলী।
 
তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার মেলাকে আমরা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। মেলার প্রস্তুতি কাজের অগ্রগতি অনেক ভাল। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।