সাতক্ষীরার তালায় সুবল দাশ (৪৫) নামের এক ভ্যান চালককে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শকের উপস্থিতে তার ঝুলন্ত লাশ গাছ থেকে নামানো হয়।
নিহতের ভাই কালিপদ দাশ জানান, তার ভাই পেশায় একজন ভ্যান চালক। শুক্রবার বিকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এদিন রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির দক্ষিণ পাশে নিমগাছের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবার। কিন্তু ওই রাতে তার ঝুলন্ত লাশ নামাতে পারেনি কেউ। কারণ হিসেবে তিনি বলেন,‘পুলিশের উপস্থিতিতে নামাতে হবে। এজন্য কেউ ওই লাশ নামায়নি।’
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন, 'তার শরীরে ক্ষত চিহ্ন আছে। তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। না হলে তার শরীরে ক্ষতের চিহ্ন থাকবে কেন?'
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে সবকিছু বলতে পারবেন। তবে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জকে সেখানে পাঠানো হয়েছে বলে তিনি জানান।