ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ গ্রহণ করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নীতি নির্ধারনী এক জরুরি সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে দলীয় পদ ও দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিস্কার করা হয়েছে।
এ জরুরি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় পৌর মেয়র প্রার্থী রায়হান উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।