মতলব পৌরসভায় নিষিদ্ধ পলিথিন ব্যবহৃত হচ্ছে নির্বাচনী প্রচারণায়। এখানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পোষ্টারগুলো দীর্ঘস্থায়ী করার জন্য অগণিত পলিথিন দিয়ে মুড়িয়ে এলাকার বিভিন্ন স্থানে ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
শুক্রবার সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, এ পৌরসভা থেকে নির্বাচনে মেয়র ও কাউন্সিলররা বিভিন্ন বাজার, দোকান-পাট, পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, বহুতল ভবন ও বিভিন্ন অফিস কার্যালয়ে পলিথিন ব্যাগে মোড়ানো নির্বাচনী পোস্টারের ছড়াছড়ি। এখন আর আগের মতো বাড়ি-বাড়ি বিভিন্ন ঘরে পোস্টার লাগানো না দেখা গেলেও সেখানে স্টিকার দেখা যাচ্ছে। একাধিক প্রার্থী বলেন, 'পলিথিন ব্যাগ ছাড়া পোস্টার ঝুলানো হলে বৃষ্টি ও কুয়াশার পানিতে দ্রুত তা নষ্ট হয়ে যায়। বার বার পোস্টার ঝুলানোর ঝামেলা এড়াতে পলিথিন ব্যবহার করছি।'
রিটার্নিং অফিসার ফারহানা ইসলাম বলেন, 'পলিথিন দিয়ে পোস্টার ঝুলানো যাবে কি না এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা নেই।'