গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু মিয়া নামে এক চালক (৩৫) নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেন্টু মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরুন মিয়ার ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানের সহকারী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন পিকআপ ভ্যানের সহকারী।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।