যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেকউড শহরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এবাদ আহমেদ নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
এবাদের বাবা ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমেদ। তাঁদের দেশের বাড়ি সিলেটে। সম্প্রতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবাদ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ডেলএমো বুলভার্ড এবং ক্লার্ক অ্যাভিনিউ মোড়ে এ দুর্ঘটনায় আহত হন তিনজন। সংঘর্ষের সময় গাড়ির ভেতর থেকে এবাদ ছিটকে বাইরে পড়ে যান। গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেছে।
নগর পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মেট টেলর জানিয়েছেন, আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি গাড়ির চালককে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।