শিকাগোতে হাসপাতালে বন্দুকধারীর হামলা, ডাক্তার ফার্মাসিস্টসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে গুলিতে ৪ জন নিহত হয়েছে। এরা হচ্ছে, একজন ডাক্তার, একজন ফার্মাসিস্ট, একজন পুলিশ কর্মকর্তা ও অস্ত্রধারী নিজে। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টায় শিকাগোর মার্শি হাসপাতালে এই হামলা হয়। হামলাকারী হাসপাতালের গাড়ি পার্কিংয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এক পর্যায়ে সে একটি ভবনের ভিতরে আশ্রয় নেয়। এ সময় পুলিশের সঙ্গে তার গুলি বিনিময় হয়। হামলাকারী আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে সেটা জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এক নারীর সঙ্গে ওই হামলাকারীর প্রেমের সম্পর্ক থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সম্ভত সে ওই নারীকে টার্গেট করে হামলা চালিয়েছিল। পুলিশের এক মুখপাত্র বলেছেন, গুলি বিনিময়ের সময় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই পুলিশ কর্মকর্তার নাম স্যামুয়েল জিমেনেজ। ওই সময় আরো একজন পুলিশ সদস্য অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে মার্শি হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তারা বলেছে, রোগীরা নিরাপদ আছেন। স্টিভেন হোয়াইট নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যখন ওই হামলাকারী পুলিশের দিকে গুলি চালাচ্ছিলেন তখন তিনি ইমার্জেন্সি রুমে ছিলেন। তিনি বলেন, ‘আমরা দেখলাম ওই ব্যক্তি সামরিক কায়দায় পুলিশের দিকে গুলি ছুড়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক যে আপনি চিকিত্সার জন্যও হাসপাতালে আসতে পারবেন না। ’

মাত্র কিছুদিন আগেও মার্কিন চিকিত্সকেরা বন্দুক হামলার বিরুদ্ধে ‘হ্যাশট্যাগ দিস ইজ আওয়ার লেন’ নামে একটি অনলাইন প্রচারাভিযান চালিয়েছিলেন। এর আগে অস্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের শক্তিশালী গ্রুপ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) টুইটারে অস্ত্রবিরোধী চিকিত্সকদের উদ্দেশে বলেছিল, ওই চিকিত্সকদের উচিত ‘তাঁদের লেনে অবস্থান করা’। এই বিতর্কের মধ্যে নতুন করে বন্দুক হামলার এই ঘটনা ঘটল। চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে ১৩ হাজারের মতো নিরীহ মানুষ মারা গেছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি লোক। ২৫০ জন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। -বিবিসি, সিএনএন