বিদ্রোহীদের ফের সতর্ক করলেন হানিফ

 
বিদ্রোহী প্রার্থীদের প্রচারে দলীয় নেতাকর্মীরা অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ফের সতর্ক করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
 
রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
হানিফ বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
হানিফ আরো বলেন, দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ফিরিয়ে নেয়ার সুযোগ নেই। শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেনি। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের বলব, নির্বাচন থেকে সরে এসে দলীয় পদ ফিরে পেতে তারা আবেদন করতে পারে।
 
বিএনপি নেতারা পৌর নির্বাচনে পথ সভায় সরকার ও সরকারের মন্ত্রীদের বিষয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
 
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের। পাশাপাশি বিএনপি নেতাদের বলব, উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।
 
চট্টগ্রাম নৌ-ঘাটির মসজিদে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, চোরাগুপ্তা হামলা কারা করছে এটা এখন পরিষ্কার। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিচার বন্ধ করতে এই সব হামলা পরিচালিত হচ্ছে। সকল হামলার পেছনে একটাই শক্তি। সেটা হচ্ছে বিএনপি-জামায়াত।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, এনামুল হক শামীম।