বাঘুজে আইএস ঘাঁটিতে কুর্দি বাহিনীর অভিযান

সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সর্বশেষ ঘাঁটি বাঘুজে আবারও অভিযান চালিয়েছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। এসডিএফের গণমাধ্যম শাখার প্রধান মুস্তফা বালি টুইটারে এ কথা জানিয়েছেন। এর আগে স্থানীয়দের বেরিয়ে আসার সুযোগ দিতে শনিবার সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল।

মরুভূমির মধ্যে অবস্থিত বাঘুজের কয়েকটি সড়ক এখনো আইএসের দখলে রয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিদের পূর্ব ও পশ্চিম দিক থেকে ঘিরে ধরেছে কুর্দিদের সংগঠন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ)’ যোদ্ধারা। শুক্রবার এসডিএফ জানিয়েছিল- বাঘুজ থেকে যদি আর কেউ বের হয়ে যেতে না চায় তাহলে শনিবার থেকে তারা চূড়ান্ত হামলা শুরু করবে; কিন্তু শনিবার এসডিএফ জানায়, স্থানটি ত্যাগ করতে ইচ্ছুক ব্যক্তিদের সুযোগ দিতে তারা ট্রাক পাঠিয়েছে। এদিন অভিযান স্থগিত করে তারা।