বিভিন্ন দেশে চালু হওয়া টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের এই ধারণাটা এসেছে আইপিএল থেকে। কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মতো অনেকেই এই ধরনের টুর্নামেন্টে নিলামের ধারণা থেকে সরে আসছে। গতকাল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও ‘প্লেয়ার্স ড্রাফট’ বা লটারি থেকে বাছাই প্রক্রিয়ায় খেলোয়াড় বণ্টন করবে পাঁচ দলের মধ্যে।
আগামীকাল ২১ ডিসেম্বর ও পরদিন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই লটারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ক্যাটাগরি, প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের দাম রাখা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার; যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন এই ক্যাটাগরিতে।
সাকিব আল হাসানসহ বাংলাদেশের ১০ জন ক্রিকেটারকে টি-টোয়েন্টি ভিত্তিক পিএসএল বিদেশি বাছাই তালিকায় রাখা হয়েছে। পিএসএল কর্তৃপক্ষ জানায়, এ লিগে ১৭১ জন বিদেশি ও ১৩৭ জন পাকিস্তানী খেলোয়াড়ের তালিকা করা হয়েছে। ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’ এ ক্রিস গেইলদের সাথে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ক্যাটাগরি ‘ডায়মন্ড’-এ নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে পরের ক্যাটাগরি ‘গোল্ড’-এ আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস। এছাড়া ‘সিলভার’ ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুমিনুল হকের জায়গা হয়েছে। ৪ ফেব্রুয়ারি পিএসএল শুরু হবে। তার আগে ২১ ও ২২ ডিসেম্বর এই তালিকা থেকে খেলোয়াড় বেছে নেবে দলগুলো।
গতকাল পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, প্লাটিনাম ক্যাটাগরির দর ১ লাখ ৪০ হাজার ডলার এবং ডায়মন্ড ৭০ হাজার ডলার, গোল্ড ৫০ হাজার, সিলভার ২৫ হাজার ও এমার্জিং ক্যাটাগরির দর ১০ হাজার ডলার হবে।
জানানো হয়েছে যে, ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফট থেকে ন্যূনতম ৮ জন খেলোয়াড় নিতেই হবে; যার চার জন পাকিস্তানী ও চার জন বিদেশি হতে হবে। এছাড়া এক একটি দল সর্বনিম্ন ১৬ ও সর্বোচ্চ ২০ জনের স্কোয়াড করতে পারবে। প্রতিটি দলের সর্বোচ্চ ব্যয়ের একটা সীমাও টেনে দেয়া হয়েছে।
এবার পিএসএলে পাঁচটি দলের সাথে একজন করে খেলোয়াড় কাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন। এরা হলেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, কেভিন পিটারসেন, ক্রিস গেইল ও শেন ওয়াটসন। এই পাঁচ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাড়তি অর্থ পাবেন।