মন্দিরে হামলার ঘটনায় শরিফুলের জবানবন্দি

দিনাজপুরে মন্দিরে হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) স্থানীয় নেতা শরিফুল ইসলাম বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
 
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই বজলুর রশিদ জানান, শরিফুল শনিবার সন্ধ্যায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বিচারকের কাছে দেয়া জবানবন্দিতে মন্দিরে গুলি ও ছোড়ার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন শরিফুল।
 
তিনি বলেন, 'দিনাজপুর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে রয়েছে শরিফুল— তিনি নিজেকে জেএমবির সদস্য বলে আদালতকে জানিয়েছেন। দিনাজপুর জেএমবির অন্যতম এই লিডার শরিফুল ইসলাম কার নির্দেশে এবং কয়জনকে সঙ্গে নিয়ে মন্দিরে হামলা করেন- জবানবন্দিতে তাও বলেছে।'
 
তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে চাননি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে দিনাজপুরের খ্রিস্টান ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলে শরিফুল।
 
গত ১০ ডিসেম্বর রাতে কাহারোলে ইসকন মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন দুজন। ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুলকে ধরে ফেলে। পরদিন ভোরে বীরগঞ্জে একটি একে ২২ রাইফেলসহ মোছাব্বের নামে আরেক ব্যক্তিকে জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
পরে পুলিশ সূত্রে জানা গেছে, তারা দুজনই জেএমবির সদস্য।
 
মন্দিরে হামলার ঘটনায় কাহারোল ও বীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে শরিফুল ও মোছাব্বেরকে গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।