শিবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীর শিবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
 
জানা গেছে, উপজেলার বাজনাব গ্রামের ব্রিজের দক্ষিণ পাশে শনিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রবিন ঘোষ (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরো ৪ জন। 
 
তারা হলেন- মো. কবির মিয়া, মো. নজরুল ইসলাম, মো. রশিদ সরকার। তারা শিবপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের একজনের নাম জানা যায়নি। অজ্ঞাত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রবিন ঘোষ (৩০) শিবপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী উপজেলার আটারদিয়া গ্রামের নান্টু ঘোষের ছেলে। তিনি ঢাকার শাহাব উদ্দিন প্রাইভেট হাসপাতাল ও কলেজের  এমবিবিএস শেষ বষের্র শিক্ষার্থী। 
 
অন্যদিকে, শিবপুর উপজেলার সৈয়দ নগর বাসস্ট্যান্ডে শনিবার সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা  মো. দেলোয়ার হোসেন (৫০) নিহত হয়েছেন। তিনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 
 
জানা গেছে, তিনি মোটরসাইকেল চালিয়ে শিবপুরে যাচ্ছিলেন। ওই সময় পিছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।