পিরোজপুরের নাজিরপুর উপজেলার জয়পুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে এসে পারিবারিক কলহের কারণে খালু ও খালতো ভাইদের হামলায় মো. নজরুল ইসলাম (২০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত নজরুল পাশ্ববর্তী বুইচাকাঠী গ্রামের বেল্লাল মোল্লার এক মাত্র ছেলে । পুলিশ এ ঘটনায় নিহত নজরুলের খালা ফরিদা বেগম (৫০) কে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর জয়পুর গ্রামে তার মামা ইদ্রিস মোল্লার বাড়িতে বেড়াতে এলে একই বাড়িতে বসবাস রত নজরুলের খালু হবি শেখ ও তার ছেলেরা মামা বাড়ির সম্পত্তি বন্টনের পারিবারিক কলহের জের ধরে নজরুলকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে।
ঐ দিন আহত নজরুলকে প্রথমে নাজিরপুর হাসপাতালে ভর্তিকরা হয়। অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।
রবিবার সকালে আহত নজরুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে নিহত নজরুলের বাবা বেল্লাল মোল্লা সাংবাদিকদের জানান, একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় জানানো হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. নাসিরউদ্দিন মল্লিক জানান, ঘটনার বিষয়ে জেনে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।