কুমিল্লায় আহত সেনা সদস্যের মৃত্যু

 

কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসী হামলায় আহত সেনা সদস্য রাশেদ তানভীর রুবেল মারা গেছেন। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার মহাদেবপুর গ্রামের বৃদ্ধ মো. হাবিবুল্লাহ ঢাকার একটি হাসপাতালে বার্ধ্যক্যজনিত রোগে মারা যান। পরদিন সকালে তার স্বজনরা লাশ দাফন করতে গেলে অলিপুর গ্রামের ইয়াসিন মিয়া লোকজন বাধা দেন। এ সময় ইয়াসিন দাবি করেন, ‘তিনি হাবিবুল্লাহর ছেলে নজরুল ইসলামের কাছে সমবায় সমিতির ৮০ লাখ টাকা পাবেন। টাকা পরিশোধ না করলে লাশ দাফন করতে দেওয়া হবে না। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হাবিবুল্লার ছেলে সেনা সদস্য রাশেদ তানভীরসহ কমপক্ষে ১০ জন আহত হন। এদের মধ্যে তানভীরকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তির পর রবিবার সকালে তিনি মারা যান।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, হামলার ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা হয়েছে।