জামালপুরে স্বাস্থ্যকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

 
জামালপুরে আলেয়া খাতুন স্বপ্না (৫০) নামে পরিবার পরিকল্পনা অফিসের এক মাঠকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচারীপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
স্বপ্না মেলান্দহ পরিবার পরিকল্পনা অফিসে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সদর উপজেলার কুমারিয়া সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সরোয়ার হোসেনের প্রথম স্ত্রী। সরোয়ার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দেওয়ানগঞ্জে থাকেন।
 
স্বপ্নার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়া মিমি জানায়, সে আর তার মা রাতে একসঙ্গে ঘুমাতে যায়। সকালে উঠে সে তার মায়ের হাত-পা বাঁধা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক জানান, স্বপ্নাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।