উল্লাপাড়ায় মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। নছিমন ও সিএনজিচালিত অটোরিকশাকে অবৈধ যান বলে বিবেচনা করা হয়।
 
রবিবার উপজেলাধীন `সিরাজগঞ্জ রোড গোলচত্বর' থেকে শুরু করে শাহজাদপুর-বাঘাবাড়ি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানকালে হাইওয়ে পুলিশ প্রায় ৭০ টি গাড়ির হেড লাইট ও চাকা নষ্ট করে দিয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন, ‘বারবার মাইকিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধ করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশ মহাসড়কে এসব যানবাহন ভেঙ্গে দেবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েকদিন ধরে এই অভিযান চলবে।’