পাবনা সদর উপজেলার পয়দা গ্রামে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার (৫২) নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দুলাল মাস্টার উপজেলার পয়দা গ্রামের মৃত মির্জা আমজাদ হোসেনের ছেলে। তিনি পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের সাবেক ইউপি সদস্য আরজান সরদার (৬০) ও আহাম্মদ আলী (৩০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও আহতরা জানান, ঘটনার সময় নিজের জমিতে ক্যানেল কাটছিলেন দুলাল মাস্টার। এ সময় আগের ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মাস্টারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতাল ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।