আগামী ২২ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে লাগানো ১৩টি তোরণ ও ৫ শতাধিক ফেস্টুন গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়াও সম্মেলন উপলক্ষে রাজধানীতে সাঁটানোর জন্য ১ লাখ রঙ্গিন পোস্টার ছাপানো হলেও ডিএসসিসির বাধায় অর্ধেক-ই অব্যবহূত থেকে গেছে। সম্মেলন প্রস্তুতি কমিটির দাবি, তোরণ ও ফেস্টুন উচ্ছেদ এবং ছাপানো পোস্টার লাগাতে না পারার কারণে অন্তত ২০ লাখ টাকা জলে গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ইত্তেফাকের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশে ও হিংসার কারণে ডিএসসিসি এই কাজ করেছে। তা না হলে যেখানে নগরীর এসব তোরণ-ফেস্টুন উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে ১২ ডিসেম্বর থেকে, সেখানে জাপার সম্মেলনের তোরণ-ফেস্টুন গুঁড়িয়ে দেয়া হয়েছে ৩ ডিসেম্বর থেকেই। তিনি বলেন, ২২ ডিসেম্বর সম্মেলনের দিন পর্যন্ত আমরা এসব তোরণ-ফেস্টুন রাখার অনুমতি চাইলেও ডিএসসিসি দেয়নি।
জাপা নেতা সুজন দে অভিযোগ করেন, জাপার তোরণ-ফেস্টুন যখন গুঁড়িয়ে ফেলা হয়, এর কয়েকদিন পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের অনেকগুলো তোরণ-ফেস্টুন ছিল। এ রকম বৈষম্যের বিষয়ে অভিযোগ করার পর অবশ্য সেগুলোও খুলে নেয় ডিএসসিসি।
সোমবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সম্মেলনে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ প্রধান অতিথি এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বিশেষ অতিথি থাকবেন।
জানা গেছে, সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নগর দক্ষিণ জাপা। ৩০ হাজার নেতা-কর্মী-সমর্থকের সমাগম ঘটাতে গত প্রায় এক মাস ধরেই ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ডে সম্মেলন ও প্রস্তুতি সভা করা হয়েছে। জাপা নেতাদের কারও কারও দাবি, ঢাকা দক্ষিণের সম্মেলন হলেও এর সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দলের কেন্দ্রীয় সম্মেলনের চেয়ে কম নয়।