চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার রাত সোয়া ১১টার দিকে আটক করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ সিরাজ উদ্দিন (৩৬) এবং মোহাম্মদ আরাফাত (৩৬)।
ওসি মোহাম্মদ মহসিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল অক্সিজেন কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকার ওঁৎ পেতে থাকে। রাত ১১টার দিকে র্যাব-৪ নামক একটি কালো পাজেরো গাড়ি এলাকা অতিক্রম করার সময় তাতে তল্লাশি করা হয়। গাড়ির ভেতর প্লাস্টিকের ট্যাপ মোড়ানো অবস্থায় কার্টুনভর্তি ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ গাড়িতে থাকা দুই যুবককে গাড়িসহ আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।