অদিওন ইঘালোর জোড়া গোলের উপর ভর করে লিভারপুলকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে পদোন্নতি পাওয়া ওয়াটফোর্ড। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য থাকলো লিভারপুল।
গত ৬ ডিসেম্বর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হারের পর ইউরোপা লিগ ও ইপিএলে একটি করে ম্যাচ ড্র করে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। টানা তিন ম্যাচ জিততে না পারার হতাশা কাটানোর লক্ষ্যে মাঠে নামা লিভারপুল শুরুতেই গোল খেয়ে বসে। তৃতীয় মিনিটে খুব কাছ থেকে জটলার মধ্যে বাঁ পায়ের টোকায় বল জালে জড়ান স্বাগতিকদের ডাচ ডিফেন্ডার নাথান আকে।
ঘুরে দাঁড়াতে পাল্টা আক্রমণে ওঠা লিভারপুল অষ্টম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল। কিন্তু ২০ গজ দূর থেকে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর সোজাসুজি শট সহজেই ঠেকান ওয়াটফোর্ড গোলরক্ষক। পঞ্চদশ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে আট বছর বাদে এবারই প্রিমিয়ার লিগে উঠে আসা ওয়াটফোর্ড। সঙ্গে লেগে থাকা অতিথি এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওদিয়ন ইঘালো।
৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলতে পারতেন ইঘালো। কিন্তু তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক অ্যাডাম বোগদান ৮৫তম মিনিটে অবশ্য আর ব্যর্থ হননি ইঘালো; সুইস মিডফিল্ডার ভালোন বেহরামির ক্রসে হেড করে জয় নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওয়াটফোর্ড। নবম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ২৪। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮। গোল.কম।