দেশের অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি পাবার দুই বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহে দৃশ্যত তেমন কোনো উন্নয়ন সাধন হয়নি। বিশেষত শহরের রাস্তাগুলো সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। পার্শ্ববর্তী জেলাগুলোর সড়কেরও একই দশা। তাই যাতায়াতের জন্য রাজধানী, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষের প্রথম পছন্দ রেলপথ। কিন্তু দীর্ঘদিন ধরে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গগামী সরাসরি কোনো ট্রেন না থাকায় বাধ্য হয়ে বাসে যাতায়াত করতে হয়। সড়কপথে যাতায়াত করা যাত্রীদের একটা বড় অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সড়কের নাজুক অবস্থার কারণে প্রায় সময়েই তাদের যানজটের সম্মুখীন হতে হয়, সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। রাজশাহী-রংপুর বিভাগ থেকে আসা এসব শিক্ষার্থীর ভোগান্তি চরমে পৌঁছে জরুরি যাতায়াতের সময়, কেননা বাসট্রিপও সীমিত। তাই শিক্ষার্থীসহ সর্বসাধারণের কথা চিন্তা করে অবিলম্বে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গগামী সরাসরি ট্রেন চালু করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ