গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় রোমেচা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের বিশ্বাস পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোমেচা বেগম বর্ণি বিশ্বাসপাড়া গ্রামের বেলায়েত হোসেন বিশ্বাসের স্ত্রী।
হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের ছেলে বউ লিমা বেগম (৩৫) আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, বর্ণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার অধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বর্নি ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন বলেন, 'আমি রবিবার বিকালে আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম। এ সময় সাজ্জাদ করিম মন্টুর সমর্থকরা আমাকে লাঞ্ছিত করে। আমার ফুফু রোমেচা বেগম প্রতিবাদ করেন। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে রোমেচা বেগমের বাড়ি-ঘরে হামলা করে। এক পর্যায়ে তারা ফুফুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।