নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের তেল চুরির ফুটেজ নেয়ার সময় তেল চোরাকারবারীদের হামলায় ইনডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের তিন সদস্য আহত হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে যুবলীগের সহ-সভাপতি আলতাব হোসেনসহ (৩৮) তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলতাব হোসেন গোসাইপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত অপর দুই জন হলেন- আলতাবের বড় ভাই আব্দুস সামাদ (৫০) ও করিমপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে এখলাস আলী মেম্বর (৪০)।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তালাশ টিম তেল চুরির সঙ্গে সম্পৃক্ত আব্দুলপুর গ্রামের জমসেদের তেলের গোডাউনের ভিডিও ফুটেজ নিতে গেলে তার ছেলে হাফিজের নেতৃত্বে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী তালাশ টিমের ওপর চড়াও হয়ে তাদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে ওই টিমের স্টাফ রিপোরর্টার সবুজ মাহমুদ, রিপোর্টার তাইমুর হাসান শুভ ও ক্যামেরা ম্যান রাকিব হাসান আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে ছিনিয়ে নেয়া ভাংচুর করা ক্যামেরা, ক্যামেরার মেমোরি কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিবার তালশ টিমের স্টাফ রিপোর্টার সবুজ মাহমুদ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে লালপুর থানায় মামলা করেন।