ঢাকার কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে তেলবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মো. জুয়েল (৩১) নামের অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত (২৫) এক যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসারায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. জুয়েল মুন্সিগঞ্জ জেলার শ্রীপুরে কামার গাঁও গ্রামের আরব আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা থেকে একটি তেলবাহী লরি ও একটি অটোরিকশা মাওয়া থেকে ঢাকা পুস্তখোলার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গাড়ি দুটি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কাছে হাসনাবাদে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটোরিকশা চালক জুয়েল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা এগিয়ে গেলে অটোরিকশা ভেতর অজ্ঞাত এক যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলবাহী লরি ও অটোরিকশা জব্দ করে থানায় নেয়া হয়েছে। অজ্ঞাত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এখনো তার কোনো পরিচয় মিলেনি।