লালপুরে যুবলীগ নেতার কারাদণ্ড

 
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে মারধর করে এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা মর্তুজা লিলির কর্মী ও যুবলীগ নেতা  জাহারুল ইসলামকে (৩৮) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলমের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পুলিশ গোপালপুর রেলগেট এলাকা থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এই আদেশ দেন।
 
জানা যায়, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মোলামের নির্বাচনী প্রচারণায় একাধিকবার বাধা প্রদান ও পৌর এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নির্বাচনী প্রচার থেকে সরে আসার জন্য ভয়-ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পৌরসভার সিরাজীপুর মহল্লায় বিএনপি নেতা আলী আজম গাগান ও রাতে গোপালপুর রেলগেট এলাকায় আরেক বিএনপি নেতা নুরুল হুদা পল্টনসহ কয়েক জনকে মারপিট করে আহত করে। এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আজ দুপুরে গোপালপুর রেলগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।