কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবছার উদ্দিন (২৫) খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
সোমবার জেলা সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, ভোর রাতে আবছার উদ্দিন ওই ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ঘুমোচ্ছিলেন। এ সময় প্রয়োজনীয় মালামাল কেনার বাহানায় কয়েকজন দুর্বত্ত ডেকে তুলে তাকে গুলি করে। গুলির শব্দের আওয়াজে ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।