ঝালকাঠি সদর হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, কয়েকজন চিকিৎসক বিভিন্ন কারণ দেখিয়ে মাসের পর মাস ছুটিতে থাকায় এ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এছাড়া হাজিরা খাতা সই করে হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিরও অভিযোগ রয়েছে।
রবিবার ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ূয়া সড়ক দুর্ঘটনার আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে গেলে তিনি এ অভিযোগের সত্যতা পান। এ ব্যাপারে তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর হাসপাতালে মোট ২৬ টি চিকিৎসকের পদ থাকলেও নয়টি পদ শূন্য আছে। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন মাত্র আটজন চিকিৎসক। আর কোনো কারণ ছাড়াই অনুপস্থিত ছিলেন দুইজন। প্রশিক্ষণে চারজন ও ছুটিতে ছিলেন তিনজন। রোগীদের তাই চিকিৎসকদের তালাবদ্ধ রুমের সামনে অপক্ষো করতে দেখা গেছে।
হাসপাতালের আরএমও ডা. মো. গোলাম বলেন, ‘প্রতিনিয়ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও চিকিৎসক বাড়ানো হচ্ছেনা। এর মধ্যে কয়েকজন চিকিৎসক প্রতিনিয়ত প্রয়োজনে-অপ্রয়োজনে ছুটিতে থাকেন। তারপরও আমরা আন্তরিকভাবে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করছি।’