সাতক্ষীরায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার গভীর রাতে সদর উপজেলার আলিপুরের চাপারডাঙ্গি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আলিপুর গ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বাবু, একই গ্রামের আব্দুর রব, রাকিব হোসেন ও শামিম হোসেন।
সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনামুল হক জানান, আলিপুর গ্রামের চাপাডাঙ্গি এলাকার কবির হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার ও নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।