সিসিকের তিন কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

 সিলেট অফিস

নগরীর আখালিয়া এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রায় তিন কোটি টাকা মূল্যের এক বিঘা জমি উদ্ধার করা হয় গত রবিবার। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। দখলে নেওয়া সরকারি জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিস দিলেও তাতে কোনো কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটা এলাকার মধ্যে অবস্থিত সরকারি গোপাট দখল করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। নগরীর ৯ নম্বর ওয়ার্ডের আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটার মধ্যবর্তী স্থানে সরকারি গোপাটের প্রায় এক বিঘা জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। এমনকি তারা সেই গোপাট দখল করে নির্মাণ করেন অবৈধ স্থাপনা।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক জানান, দীর্ঘদিন থেকে এই গোপাটকে ঘিরে অবৈধভাবে বেশ কিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে এসব অবৈধ দখল অপসারণে কয়েকদফা নোটিস দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা অপসারণ করেননি।

মেয়র জানান, নগরীতে সরকারি জমি দখলদাররা যত প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।