ম্যাচ বাঁচানোর লড়াই

দ্বিতীয় টেস্ট

 স্পোর্টস রিপোর্টার

ওয়েলিংটনে চতুর্থ দিন নিউজিল্যান্ড দল ব্যাট করেছে ৭৩.১ ওভার। সেখানে যোগ করেছে আরো ৩৯৪ রান। এটুকুতেই বলে দেওয়া যায় যে বেসিন রিজার্ভে ব্যাকফুটে আছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদ আরো বেড়েছে সফরকারীদের। মাত্র ৮০ রান তুলতে না তুলতেই পতন হয়েছে তিনটি উইকেটের। ফলে, বৃষ্টিতে টেস্টের দুইদিন ভেসে গেলেও ম্যাচ হারের শঙ্কায় আছে বাংলাদেশ। কারণ, সাত উইকেট হাতে নিয়ে এখনো ১৪১ রান পিছিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তৃতীয় দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় হলেও শেষ বেলায় বোলিংয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। যদিও, দুই উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অবশ্য নিজেদের সেই বিপর্যয় স্থায়ী হতে দেয়নি।

তৃতীয় উইকেট জুটিতে ১৭২ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। এর মধ্যে ৭৪ রান করে আউট হয়ে যান কেন উইলিয়ামসন। তবে, ডাবল সেঞ্চুরির আগে থামেননি রস টেলর। ২১২ বলে রীতিমত ওয়ানডের স্টাইলে ব্যাট চালিয়ে তিনি করেছেন ২০০ রান। ইনিংসে ছিল ১৯টি চার ও চারটি ছক্কা। যদিও, বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মোহরা না চললে হয়তো আরো আগেই শেষ হয়ে যেতে পারতো ইনিংসটা। তাতে বাংলাদেশের ম্যাচে ফিরে আসার সম্ভাবনাটাও আরো বাড়তো।

সেটা হয়নি। বরং, চতুর্থ উইকেট জুটিতে হেনরি নিকোলসকে সাথে নিয়ে ২১৬ রান যোগ করে একটু একটু করে নিউজিল্যান্ডের অবস্থান আরো শক্ত করেন রস টেলর। এর পথে নিকোলসও সেঞ্চুরি পেয়ে গেছেন। নয়টি চারের সৌজন্যে তিনি করেন ১০৭ রান।

মেহেদী হাসান মিরাজের বদলে এই টেস্টে ফেরা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম পান দুটি উইকেট। যদিও, ফিল্ডাররা একটু দক্ষতা দেখাতে পারলে তার উইকেট সংখ্যা আরেকটু বাড়তে পারতো। পেসার আবু জায়েদ রাহি নেন তিন উইকেট।  বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশ ৮০ রান তুলেছে তিন উইকেটের বিনিময়ে। ট্রেন্ট বোল্ট দু’টি ও ম্যাট হেনরি একটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলাদেশ হারিয়ে বসে আগের তিন ইনিংসে যথাক্রমে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি করা তামিম ইকবালকে। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্টের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। করে যান মাত্র চারটি রান।

এরপর বিদেশের মাটিতে ফর্মে ফেরার আরেকটি সুযোগ হাতছাড়া করেন মুমিনুল হক। তিনি দু’টি চারের সৌজন্যে করেন ১০টি রান। আগের তিনটি ইনিংসের মত আবারো ভালো একটা শুরু করতে পেরেছিলেন সাদমান ইসলাম। চারটি চারের সৌজন্যে ২৯ রান করার পরই অবশ্য এই ওপেনার ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।

এর  আগে মোহাম্মদ মিথুনের সাথে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৩৫ রান। দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত এই মিথুন চারটি চারের সুবাদে ২৫ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার ব্যাট করছেন ১২ রানে। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে এই দু’জন মিলে যোগ করতে পেরেছেন ২৫ রান। পঞ্চম দিনে এই জুটি আর কতদূর বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার ব্যাপার।

স্কোর কার্ড : (চতুর্থ দিন শেষে)

ভেন্যু: বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

টস: নিউজিল্যান্ড

বাংলাদেশ প্রথম ইনিংস : ২১১/১০, ৬১ ওভার (তামিম ৭৪, লিটন ৩৩, ওয়াগনার ৪/২৮)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : (তৃতীয় দিন শেষে ৩৮/২, ১১.৪ ওভার, উইলিয়ামসন ১০*, টেইলর ১৯*)।

ব্যাটসম্যান                                                                                                  রান           বল            চার           ছক্কা

কেন উইলিয়ামসন ক অ্যান্ড ব তাইজুল       ৭৪     ১০৫   ১১     ১

রস টেলর ক লিটন ব মুস্তাফিজুর              ২০০   ২১২    ১৯     ৪

হেনরি নিকোলস বোল্ড ব তাইজুল            ১০৭   ১২৯    ৯       ০

কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত               ২৩      ১৯      ৩      ০

বিজে ওয়াটলিং ক সৌম্য ব আবু জায়েদ     ৮        ৫       ১       ০

অতিরিক্ত  (লে বা-৫, নো-১, ও-৭)          ১৩

মোট  (৬ উইকেট, ৮৪.৫ ওভার)              ৪৩২ ডিক্লেয়ার

উইকেট পতন :৩/১৮০ (উইলিয়ামসন), ৪/৩৯৬ (নিকোলস), ৫/৪২১ (টেইলর), ৬/৪৩২ (ওয়াটলিং)।

বাংলাদেশ বোলিং : আবু জায়েদ : ১৮.৫-২-৯৪-৩, এবাদত হোসেন : ১৬-২-৮৪-০ (ও-৫), মুস্তাফিজুর : ১৪-২-৭৪-১ (ও-২, নো-১), সৌম্য : ৬-০-৩৫-০, তাইজুল : ২১-০-৯৯-২, মুমিনুল : ৯-০-৪১-০।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :

ব্যাটসম্যান                                                                                                  রান           বল            চার           ছক্কা

তামিম ইকবাল বোল্ড ব বোল্ট                 ৪        ২        ১       ০

সাদমান ইসলাম ক ওয়াটলিং ব হেনরি       ২৯      ৪৪     ৪      ০

মুমিনুল হক ক সাউদি ব বোল্ট                 ১০      ১৯      ২       ০

মোহাম্মদ মিথুন ব্যাটিং                            ২৫      ৪৭     ৪      ০

সৌম্য সরকার ব্যাটিং                             ১২      ২৬      ২       ০

মোট  (৩ উইকেট, ২৩ ওভার)                 ৮০

উইকেট পতন :  ১/৪ (তামিম), ২/২০ (মুমিনুল), ৩/৫৫ (সাদমান)।

নিউজিল্যান্ড বোলিং :ট্রেন্ট বোল্ট : ৮-১-৩৪-২, টিম সাউদি : ৫-১-১৮-০, ম্যাট হেনরি : ৪-২-১৭-১, কলিন ডি গ্র্যান্ডহোম : ২-০-৩-০, নিল ওয়াগনার : ৪-২-৮-০।