সবাইকে পাশে পাচ্ছেন মোশাররফ

 স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটে মোশাররফ হোসেন রুবেল বেশ পরিচিত একটি মুখ। জাতীয় দলের হয়েও খেলেছেন পাঁচটা ওয়ানডে। ব্যাটিং জানা বাঁ-হাতি এ বোলার এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছেন।

কারণ, ৩৭ বছর বয়সেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে, এই লড়াইটা তার একার নয়। সতীর্থদের সবাইকে পাশে পাচ্ছেন তিনি। সুদূর নিউজিল্যান্ডে বসে ফোন করেছিলেন তামিম ইকবাল, খোঁজ রাখছেন সব সময়কার। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে জানিয়েছেন শুভেচ্ছাবার্তা। লিখেছেন, ‘রুবেল, তুমি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্। আমরা তোমার সাথেই আছি বন্ধু।’ যোগাযোগ করেছেন সাকিব আল হাসানও।

চারটি আন্তর্জাতিক উইকেট পাওয়া রুবেল জানালেন উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাবেন তিনি। ‘মাথার ডান দিকে এটা হয়েছে। এখানে নিউরোলজিস্টকে দেখিয়েছি। মাউন্ট এডোরা হাসপাতালে চিকিত্সা নিব। এখন ডাক্তার সিদ্ধান্ত নেবে কী করতে হবে। এখানে বেশ কয়েকজন ডাক্তার দেখিয়েছি। ঘুমের মধ্যে অচেতন হয়ে যাই। বিপিএলের সময়ও কয়েকবার পড়ে গিয়েছিলাম।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিত্সক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচারের পরই টিউমারটি কতটা গুরুতর সে ব্যাপারে বোঝা যাবে। তিনি বলেন, ‘টিউমারটি কতটা গুরুতর সেটা অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্ট দেখেই জানা যাবে। তবে, যতদূর বোঝা যাচ্ছে টিউমারটি প্রাথমিক পর্যায়েই আছে। তবে, আর যাই হোক টিউমার তো, আর ব্রেইন অনেক সেন্সিটিভ জায়গা।’

জানা গেছে, আপাতত অস্ত্রোপচার বাবদ ৪০ লাখ টাকা খরচ হবে। এরপর অস্ত্রোপচার শেষে ফলোআপ শেষে আরও কিছু বাড়তি খরচ তো আছেই। রুবেল গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এসেছিলেন। দেখা করে গেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে। ফলে বলা যায়, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থাটি রুবেলের শারীরিক অবস্থার ব্যাপারে অবগতই আছে।

জানিয়ে রাখা ভালো, ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মোশাররফ হোসেন রুবেলের। এরপর বিদ্রোহী ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলতে গিয়ে বেশ কিছুদিন ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন। পরে আবারও ফিরে নিজেকে আমার চূড়ান্ত পর্যায়ের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলেন। ২০১৬ সালের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে আবারও চলে আসেন লাইম লাইটে। বয়স ৩৪ হওয়ার পরও তাকে জাতীয় দলে ডাক দিতে কার্পণ্য করেনি বিসিবি। সেবছরই সাত অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন।