স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলবেন নাকি আইপিএল দিয়েই মাঠে ফিরবেন সাকিব আল হাসান? গত কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এটি। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডে যাচ্ছেন না সাকিব।
আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে খেলার কোনো সম্ভাবনাই নেই তার। আগামী ২০ মার্চের আগে ব্যাটিং-বোলিংই করতে পারবেন না সাকিব।
বাঁহাতি এই অলরাউন্ডারের চোট নিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ‘আমরা মেডিক্যালের যে রিপোর্ট পেয়েছি তা হলো- আগামী ২০ মার্চের আগে তিনি ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবেন। পরে দেখা যাবে তিনি কি অবস্থানে থাকেন। তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
বিপিএলের ফাইনালে পাওয়া আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড যেতে পারেননি সাকিব। গত এক সপ্তাহ ধরে মিরপুর স্টেডিয়ামে রিহ্যাব চলছে তার। মূলত ফিটনেস ট্রেনিং করছেন তিনি। এদিকে তৃতীয় টেস্টে মুশফিককে পাওয়ার আশা করছে বাংলাদেশ। গতকাল আকরাম খান বলেছেন, ‘মুশফিক রিকভারি করছে। তবে সে খেলবে কি না সেটা টেস্টে দুই তিনদিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’