পাঁচ গ্রামে বিএনপির মেয়র প্রার্থীর প্রবেশ নিষিদ্ধ!

রাজশাহীর তাহেরপুর পৌরসভার পাঁচটি গ্রামে বিএনপির মেয়র প্রার্থীর প্রবেশ ও প্রচারণা নিষিদ্ধের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নইম মো. শামসুর রহমান মিন্টু রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন।
 
প্রশাসন এ অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তবে মারপিটের শিকার হলে মামলা নিবেন বলে প্রশাসনের কর্মকতারা মেয়র প্রার্থী আবু নইম মো. শামসুর রহমান মিন্টুকে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
 
মেয়র প্রার্থী আবু নইম মো. শামসুর রহমান মিন্টু সাংবাদিকদের বলেন, ‘অন্তত পাঁচটি গ্রামে আমার প্রচারণায় বাধা দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন। গ্রামগুলো হচ্ছে, জামগ্রাম, নুরপুর, রসুলপুর, বিশুপাড়া, ও জামলই। অব্যাহত হুমকির কারণে ওইসব গ্রামের ভোটারদের চোখে-মুখে বিরাজ করছে আতঙ্ক। জামগ্রামে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম আজাদের বাড়ি। তাই ওইসব গ্রামে আমাকে প্রচারণায় যেতে বারণ করা হয়েছে। আমার কোনো পোস্টারও সাটাতে দেয়া হচ্ছে না। এমনকি এলাকায় মাইকিং পর্যন্ত করতে দেয়া হচ্ছে না।’
 
তিনি আরো বলেন, ‘শনিবার দুপুরে নুরপুর গ্রামে প্রচারণায় গেলে সেখানে কালামের কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে ঘিরে ধরে। বিষয়টি তাৎক্ষণিক ইউএনও ও রিটার্নিং অফিসার এবং থানা পুলিশে জানাই। কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পরে ওইদিন বিকেলেই উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।’
 
আবুল কালাম আজাদ উল্টো অভিযোগ করে বলেন, ‘কাউকেই বাধা দিতে বলা হচ্ছে না। এলাকার সাধারণ ভোটাররা যদি কোনো প্রার্থীকে বয়কট করেন, তাহলে তার দায়ভার তারই, অন্যের নয়। আমি কারো প্রচারণায় বাধা সৃষ্টি করছি না। কাউকে হুমকিও দেয়া হচ্ছে না।’