৫০০ টাকার জন্য খুন!

 
রাজধানীর মুগদার উত্তর মান্ডা এলাকায় পাওনাদারের হাতে খুন হয়েছেন আশেকে আলম (২৩) নামে এক যুবক। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় মাসুম নামে একজনকে আটক করেছে পুলিশ।
 
নিহত আশেক আলম কৃষি মন্ত্রণালয়ের পিয়ন ছিলেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকায় তার বাড়ি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
 

মুগদা থানার এসআই মো. শাহ আলম জানান, কৃষি মন্ত্রণালয়ের পিয়ন আশেকে আলম স্ত্রীসহ মান্ডার মধ্যপাড়ার মান্নানের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি মাসুম নামের এক যুবকের কাছ থেকে আশেক ৫০০ টাকা ধার নেন। দুপুরে মাসুম ওই টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুম ইট দিয়ে আশেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আশেকের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে আশেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনার পর এলাকাবাসী মাসুমকে আটক করে পুলিশে দিয়েছে বলে তিনি জানান।