আইএমএফকে ভ্যাট আইন বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন অর্থমন্ত্রী

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সোমবার আইএমএফের মিশন প্রধান অ্যাকসেল সরেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নতুন ভ্যাট আইনে একক ভ্যাট হারের পরিবর্তে ক্রেতার জন্য সহনীয় মাত্রায় একাধিক হারে বাস্তবায়ন করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট থাকবে না। এছাড়া হিসাব ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বিশেষায়িত ইলেক্ট্রনিক হিসাবযত্র বা ইএফডি স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইএফডি’র বিষয়ে তিনি বলেন, কোন প্রতিষ্ঠান থেকে ক্রেতা পণ্য কিনলে মূল্য ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে পরিশোধ করবে। যা থেকে স্বয়ংক্রিয়ভাবেই ভ্যাটের দৈনিক ও মাসিক হিসাব পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবসায়ীর সব  ক্রয় বিক্রয়ের তথ্যও সংরক্ষিত থাকবে। তাই ভ্যাট ফাঁকির কোনো সুযোগ থাকবে না।

আইএমএফের পক্ষ থেকে বলা হয়, সংস্থাটি এনবিআরের রাজস্ব খাত সংস্কারে অটোমেশনের জন্য প্রয়োজনীয সুপারিশ করবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর আহরণ বাড়াতে করনীয় খুঁজে বের করা এবং তা সরকারকে অবগত করবে। এ সময় তারা অর্থমন্ত্রীর রাজস্ব খাত সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।