ডেমরায় ৭টি ককটেল উদ্ধার

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সারুলিয়া টেংরা এলাকায় সারুলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের বাড়ির প্রধান ফটকের সামনে রাস্তার পাশ থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে হঠাৎ করে ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সবাই। এ সময় চেয়ারম্যানের ছোট ভাই সালাউদ্দিনের ঘরের জানালার কাঠ ও পর্দা পোড়া অবস্থায় দেখতে পায়। পরক্ষণেই চেয়ারম্যানের প্রধান ফটকের সামনে কিছু দূর পরে পরে ককটেলগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন উপস্থিত জনতা। ১৯ ডিসেম্বর শনিবার চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা ভয়ভীতি প্রদর্শনের জন্য এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা।
 
পুলিশ জানায়, চেয়ারম্যানের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় ককটেল রাখা আছে এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় রাস্তায় পড়ে থাকা ৭ টি তাজা ককটেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। পরে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
 
তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে ডেমরা থানার ওসি সৈয়দ এসএম কাওসার বলেন, 'ওই এলাকায় আমার বিট পুলিশেরা দায়িত্বরত ছিল। গভীর রাতের ওই সময় তেমন কোনো লোকজনকেও চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় যাতায়াত করতে দেখা যায়নি। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে, সেহেতু বিষয়টির সঠিক তদন্ত করা প্রয়োজন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।'