চ্যাম্পিয়ন্স লিগ ফিরতি লেগ
স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন শিরোপা প্রত্যাশী জুভেন্তাস আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যখন অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে তখন প্রথম লেগের দুই গোলের ঘাটতি পুষিয়ে নেওয়াই হবে তাদের লক্ষ্য। এদিকে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের জয় পাওয়ায় প্রতিযোগিতার অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই শালকের মুখোমুখি হবে।
দলে সদ্য স্পেন থেকে ইতালিতে পাড়ি জমানো রোনালদো থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে জুভেন্তাসের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বি। কিন্তু প্রথম লেগে সে আশা পূরণে ব্যর্থ হয়েছিলেন রোনালদো, দলও যার খেসারত দিয়েছিল ২-০ গোলে হেরে। সে ম্যাচের পর থেকে অবশ্য ঘরোয়া লিগে টানা তিন জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল, যার শেষটিতে রোনালদোসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ।
গেল মাসে মাঝামাঝিতে ফ্রোসিনোনের বিপক্ষে লক্ষ্যভেদ করার পর আর প্রতিপক্ষের জাল খুঁজে পাননি রোনালদো। তাই এই ম্যাচের জন্য ব্যক্তিগতভাবেও বেশ তাঁতিয়ে থাকবেন পর্তুগীজ তারকা। তবে আপাতত দলীয় সাফল্যতেই চোখ তার। রোনালদোর ভাষায়, ‘চ্যাম্পিয়ন্স লিগের এসব রাত অসাধারণ। দারুণ একটা ম্যাচ খেলতে দল বেশ আত্মবিশ্বাসী এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও। মাঠে এবং গ্যালারিতে বিশেষ রাতের অভিজ্ঞতা নেবার জন্য আমরা তৈরি।’
সমর্থকদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সমর্থকদের আমি বলব: চলো বিশ্বাস করি, ইতিবাচক চিন্তা করি। মাঠে আমাদের কাজটা আমরা করতে যাচ্ছি ফলে তোমাদের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও!’
প্রথম লেগের জয়ে তুষ্ট হয়ে অ্যাটলেটিকোও যে ছেড়ে কথা বলবে ব্যাপারটা মোটেও তা নয়। লা লিগা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটি জুভেন্তাসের বিপক্ষে প্রথম লেগের পর থেকে ভিয়ারিয়াল, রিয়াল সোসিয়েদাদ ও লেগানেসের বিপক্ষে কোনো গোল হজম না করেই জয় পেয়েছে।
রোনালদো জানালেন নির্ভীক চিত্তেই এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হবেন তারা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘সবাই জানে যে তারা শক্তিশালী দল, রক্ষণে তারা বেশ ভালো। তারা খুব বেশি ঝুঁকি নেয় না এবং প্রতি আক্রমণে খেলে কিন্তু আমরা তৈরি। তাদের হারাতে আমরা নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দেব।’
তিনি আরও বলেন, ‘সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপারই এখানে পার্থক্য গড়ে দেবে। আমরা জিততে চাই এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছুতে চাই। ফুটবল এমনই, প্রথম লেগে ২-০ গোলের হার আমরা কেউই আশা করিনি কিন্তু এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে আমরা এর জবাব দিতে চাই।’
সিরি আ’র পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগকেও পাখির চোখ করে রোনালদো বলেন, ‘আমরা একটি দারুণ মৌসুম পার করছি এবং এখন আমাদের সামনে দুটো লক্ষ্য রয়েছে: সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ।’
এদিকে ইংলিশ চ্যাম্পিয়ন সিটি প্রথম লেগে শালকের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের কারণে নিজেদের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচ শুরু করবে। সামপ্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে আয়াক্স-ম্যানইউ’র ইতিহাস কোচ পেপ গার্দিওলাকে কিছুটা দুশ্চিন্তায় রাখলেও ওয়াটফোর্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলের পারফর্মেন্স কিছুটা হলেও স্বস্তির পরশ দেবে স্প্যানিশ এই কোচকে।