২০১৬ সালকে ‘পরিচ্ছন্নতা বছর’ ঘোষণা করলেন মেয়র সাঈদ

 
জনসম্পৃক্ততা বাড়িয়ে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী করার লক্ষ্যে ২০১৬ সালকে 'পরিচ্ছন্নতা বছর' হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
 
সাঈদ খোকন বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য মেডিটেশন বা যোগব্যায়ামের আয়োজন করবে সিটি করপোরেশন। সাদা পবিত্রকার প্রতীক। তাই নগরবাসীকে মানসিকভাবে পরিচ্ছন্ন করতে একটি দিনকে সাদা শার্ট দিবস ঘোষণা করা হবে। ঐদিন নগরবাসীরা সাদা শার্ট পরবেন।
 
সংবাদ সম্মেলনে ২০১৬ সালে ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, গণশৌচাগার তৈরি, পাবলিক টয়লেট ব্যবস্থা উন্নতকরণ, সবুজায়ন নগরী করার পরিকল্পনার রূপকল্প দেন মেয়র।
 
এছাড়া নাগরিক সমস্যা সমাধানে শিগগিরই সংশ্লিষ্ট দপ্তর ও পরিসেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন তিনি।