শেষ ওয়ানডেতে রোববার রাতে পাঁচ উইকেটে জিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করলো আয়ারল্যান্ড। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। টস হেরে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক আসগর আফগান। এছাড়া মোহাম্মদ নবী ৪০ ও রশিদ খান ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন। আয়ারল্যান্ডের ডকরেল ২ উইকেট নেন। জবাবে ২১৭ রানের টার্গেট পল স্ট্রার্লিং ও এন্ডি বেলব্রিনির জোড়া হাফ-সেঞ্চুরিতে স্পর্শ করে ফেলে আয়ারল্যান্ড। স্ট্রার্লিং ৮৮ বলে ৭০ ও বালবির্নি ৯১ বলে ৬৮ রান করেন। দুজনের ব্যাটিং দৃঢ়তায় ১৬ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় আইরিশরা। শেষদিকে কেভিন ও’ব্রায়ানের ৪২ বলে অপরাজিত ৩৩ রান দলের জয়ে বড় অবদান ছিল।