কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুনের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে এ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে বলে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ জানান।
আহতদের মধ্যে হাবিবুর রহমান হাবুল নামে একজনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, পৌর এলাকার আনন্দবাজারে সকালে আওয়ামী লীগ প্রার্থীর পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি ছিল। এ কর্মসূচিতে অংশ নিয়ে যাওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমানের নেতৃত্বে কিছু লোক তাদের বাধা দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে তখন পরিস্থিতি শান্ত হয়।
পরে বেলা ১২টার দিকে আওয়ামী লীগের ৮/১০ জন কর্মী অটোরিকশা করে যাওয়ার সময় নয়াকান্দি এলাকায় ২০/২২ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলায় নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবুলসহ ছয়জন আহত হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য আবদুল কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
করিমগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র মজুমদার বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ তাদের বাড়িঘরে গিয়েও পায়নি।