জাতীয় সাঁতার জুয়েল এবং জুনাইনার দিন

 স্পোর্টস রিপোর্টার

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আরও ৬টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিন নারী সাঁতারু জুনাইনা আহমেদের ছিল। কাল মিরপুরে এই জুনাইনা আবারো নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তার পাশে জুয়েল আহমেদও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর লড়াই। সেনাবাহিনীর জুয়েল আহমেদ এবং নৌবাহিনীর জুনাইনা আহমেদ। ব্যক্তিগত পদক জয়ের তালিকায়  

জুয়েলের ৩টি স্বর্ণ এবং জুনাইনা আহমেদের ৪টি স্বর্ণ জমা হয়েছে। ৪০০ মিটার মিডলেতে জুয়েল আহমেদ তারই গড়া ২০১৬ সালের টাইমিং নতুন করে গড়েছেন এবার। আগের টাইমিং ছিল ০৪:৫২.১৫ এবং গতকালকের টাইমিং হয়েছে ০৪:৫০.০০ সেকেন্ড। একই ইভেন্টে নারী সাঁতারু নৌবাহিনীর জুনাইনা আহমেদ ২০১৬ সালে রোমানা আক্তারের রেকর্ড (০৫:৪৭.৫৯) ভেঙে নতুন রেকর্ড গড়েন। টাইমিং ০৫:৩৭.৬১ সেকেন্ড। ৫০ মিটার ফ্রি স্টাইলে সেরা সাঁতারু হয়েছেন জুনাইনা আহমেদ এবং একই দলের আসিফ রেজা। জুনাইনা রেকর্ড গড়েননি। তার দলের আসিফ রেজা মাহফিজুর রহমান সাগরের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়তে সময় নিয়েছেন ০০:২৩.৮৫ সেকেন্ড।

১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর জুয়েল রানা। ২০০৫ সালে রুবেল রানার রেকর্ড ভেঙেছেন এই সাঁতারু। পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নৌবাহিনীকে পদক এনে দিয়েছেন আসিফ রেজা, মনিরুল, পলাশ, নাহিদরা। এই ইভেন্টে দখল নিয়েছে নৌবাহিনী জুনাইনা, সোনিয়া, মাহফুজা, টুম্পা। এই দুটি ইভেন্টেই নৌবাহিনীর সাঁতারুরা নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। জুনাইনা আহমেদ লন্ডনে জন্ম। তার বাবা সিলেটের। আগের বার জাতীয় আসরে খেলতে এসে আলোচনায় উঠেছিলেন। এবার পদক জয়ের ছড়াছড়ি লেগেছে।