মাটিরাঙ্গায় কৃষকদল নেতা খুনের ঘটনায় আটক ৩

 

মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হত্যার ঘটনায় পুরো এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পাল্টে গেছে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানার পুলিশ। মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শরিফা বেগম মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করার পর উপজেলার আদর্শগ্রামের মো. আবুল হাশেম, মো. সবুজ ও মো. মীর হোসেনকে আটক করে পুলিশ। নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মাটিরাঙ্গায় প্রতিবাদ সমাবেশ করার কথা থাকলেও প্রশাসনের বাধায় তা করতে পারেনি বলে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন।
 
নজরুল ইসলাম ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার চাঁন মিয়া সওদাগরের ছেলে। তিনি পেশায় মৌসুমী ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বিএনপির মেয়র প্রার্থী বাদশা মিয়ার পক্ষে প্রচারণার সময় নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। খুনের ঘটনায় বিএনপি প্রথম থেকেই আওয়ামী লীগকে দায়ী করছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী অভিযোগ করেন, বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন করার কয়েক ঘণ্টা পরই কৃষকদলের নেতা নজরুলকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী শামছুল হক বিএনপির এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মাটিরাঙ্গায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। জনসমর্থনে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে থাকায় পরিবেশ ঘোলাটে করতে পরিকল্পিতভাবে বিএনপিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, হত্যার ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী শরীফা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামিকে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।