পোড়াতে হলো দেড় লাখ ব্যালট পেপার

 
আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় মঙ্গলবার পর্যন্ত তিন পৌরসভার দেড় লাখের বেশি ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করে নতুন করে ছাপানো হয়েছে। এছাড়া নির্বাচন স্থগিত হওয়ায় প্রায় ৩৫ হাজার ব্যালট পেপার আর কাজে লাগছে না।
 

ইতিমধ্যে ৩৩ পৌরসভা নির্বাচনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত পদের ২ কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে।

 

শুক্র ও শনিবার সরকারি ছাপাখানা থেকে এসব ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনী এলাকায় নিরাপত্তা প্রহরায় এসব ব্যালট পেপার পৌঁছানো হবে।

 

তিনি জানান, রাণীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত হওয়ায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৩৫ হাজার ব্যালট পেপার আর ব্যবহারের সুযোগ নেই। ঝিনাইদহের মহেশপুর, কুষ্টিয়া সদর ও বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্রার্থিতা ফেরায় মেয়র পদে ছাপানো ব্যালট কাজে লাগবে না। এই তিন পৌরসভার দেড় লাখের বেশি ব্যালট পেপার পুড়িয়ে নতুন করে ছাপতে হয়েছে।

 
ইসির এক কর্মকর্তা বলেন, নতুন প্রার্থীসহ নাম-প্রতীক নিয়ে ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ সংখ্যা বাড়ার শঙ্কাও রয়েছে। কারণ কোথাও ভোট স্থগিত বা প্রার্থী সংখ্যা বাড়লে-কমলে ছাপানোগুলো নষ্ট করে নতুন করে ছাপাতে হবে।
 
ব্যালট পেপার মুদ্রণ কাজ তদারকিতে থাকাদের একজন ইসির প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, ভোটযোগ্য সব পৌরসভার ব্যালট পেপার ছাপা শেষ। আদালতের নতুন কোনো নির্দেশনার ভিত্তিতে ইসি যে সিদ্ধান্ত নেবে তা ভোটের আগে সম্পন্ন করার প্রস্তুতিও রয়েছে।বিডিনিউজ।